ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে আদিবাসীদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে পরিচালক নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে একাডেমির কার্যক্রমে আদিবাসীদের অংশগ্রহণ বাড়বে এবং তাঁদের সংস্কৃতি সংরক্ষণ আরও কার্যকর হবে।
মাহালি বাইসি পরিষদের সভাপতি সৃষ্টি টুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের শিলা মুর্মু, জীবন মুর্মু, বুদ্ধিনাথ হাঁসদা ও লিটন বিশ্বাস প্রমুখ।
বক্তারা তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং আদিবাসীদের মধ্য থেকে পরিচালক নিয়োগের আহ্বান জানান।