ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ, বাদ পড়া সব খাল খনন করা হবে: প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজসহ সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম শহরের পাশাপাশি গ্রামেও অব্যাহত থাকবে। খাল খনন প্রকল্প থেকে বাদ পড়া সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে এ কার্যক্রমে শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে খেলাধুলা ও সামাজিক কর্মসূচির প্রসার প্রয়োজন। সরকারি সুবিধা যেন সব নাগরিক পান, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মূসা। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম।
ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।