বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদলগাছী প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচি, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।


বেলা ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটুসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যেকোনো সংকটে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।