পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন
রূপপুর প্রকল্প, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং পদ্মা নদীর ভাঙন রোধে চরাঞ্চল ও বাঁধ রক্ষার দাবিতে পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রূপপুর বিবিসি বাজারের ফটু মার্কেট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এলাকাবাসীর অভিযোগ রাতের আঁধারে প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী চক্র অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে।
তাদের ভাষ্য, কাকন বাহিনীর লোকজন দীর্ঘ সময় ধরে তাদের এলাকার বাইরে কয়েকটি পয়েন্ট থেকে জোরপূর্বক বালু উত্তোলনের কার্যক্রম পরিচালনা করে আসছে। উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা, পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেট ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের লক্ষ্মীকুন্ডা এলাকায় প্রকাশ্যে শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে। নদীর মধ্যখানে কয়েকটি ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানান বিক্ষোভকারিরা। পরিচয় গোপন রেখে সেখানে কর্মরত শ্রমিকরা এসব ব্যাপারে কিছুই জানেন না বলে সটকে পড়েন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী ও কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফসলি জমি ও কৃষকদের আবাদকৃত চরাঞ্চল নষ্ট করে প্রভাবশালীরা প্রতিনিয়ত অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা কবির আহমেদ, আব্দুস সালাম রঞ্জু মেম্বার, আসাদুজ্জামান হিটলু, হারুনুর রশিদ রঞ্জু, কুরবান মৃধা, জাইদুল ইসলাম, মনসুর মন্ডলসহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেও পদ্মা নদীর কয়েকটি পয়েন্ট অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের কর্মকর্তা ও পুলিশ চলে এলে তারা আবার বালু উত্তোলন শুরু করে।