পবায় বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ওসি জানান, রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।