বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

মানবতার ঊর্ধ্বে হতে পারে না সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন: প্রধান বিচারপতি

রাবিতে আইন বিভাগের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাবি প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
মানবতার ঊর্ধ্বে হতে পারে না সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন: প্রধান বিচারপতি

সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ভূমিকা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে চারটি একাডেমিক অধিবেশনে মোট ১২৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।


শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ÔSovereignty, Humanity & Law in the Contemporary WorldÕশীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, সার্বভৌমত্বের পরিবর্তনশীল প্রকৃতি, মানবিক মর্যাদার সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে আইনের ভূমিকা নিয়ে আলোচনার জন্য এ সম্মেলন বিভিন্ন অঞ্চল ও পটভূমির পেশাজীবীদের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের প্রচলিত ধারণা নানা চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যা এখন আর একটি ভূখণ্ডের সীমানায় সীমাবদ্ধ নেই। তাই সার্বভৌমত্ব মানে শুধু নিজের ইচ্ছেমতো চলার স্বাধীনতা নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও। সার্বভৌমত্ব কিংবা রাষ্ট্রীয় আইন—কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অসমতা ও পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্ক নানা চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব মোকাবিলায় কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে একাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা প্রয়োজন। সম্মেলনের গবেষণা প্রবন্ধ ও আলোচনা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবাধিকার এবং আইনের শাসনের মধ্যকার সম্পর্ক বুঝতে সহায়তা করবে।


উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, বর্তমান সময়ে ন্যায়বিচার, শান্তি, জবাবদিহি ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্মেলনটি বিচারব্যবস্থা ও একাডেমিক অঙ্গনের পণ্ডিত, পেশাজীবী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করেছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহাসিক ভিত্তির সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও সাংবিধানিক শ্রেষ্ঠত্বের ধারণা জড়িত। এ সম্মেলন আইন বিষয়ে জ্ঞান বিনিময়ের পরিবেশ তৈরি করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানের পর অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দীকার সভাপতিত্বে প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ল স্কুলের প্রফেসর ইমেরিটাস ড. মো. রফিকুল ইসলাম এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন অনুষদের অধ্যাপক দাতিন মেরি জর্জ। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মু. নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।


আয়োজকদের তথ্যমতে, দুই দিনের এ সম্মেলনে চারটি একাডেমিক অধিবেশনে মোট ১২৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী এস এম রিদওয়ান জুনায়েদ ও তাসনিম তাইয়েবা।