রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীর পবা ও চারঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পবায় বাসের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন এবং চারঘাটে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
পবার নওহাটা আনসার ক্যাম্পের সামনে সকালেই একটি রিজার্ভ বাসের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হন। নিহতরা হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকার নফিরউদ্দিন (৬৫) ও পবা থানার জয়কৃষ্ণপুর এলাকার মফিদুল ইসলাম (৪৫)।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মফিদুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানগাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
অন্যদিকে, চারঘাট উপজেলার ফরিদপুর মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার পুঠিমারী গ্রামের শুকুর মন্ডলের ছেলে।
নিহতের ভাই মোহাম্মদ মুসা জানান, ইসমাইল একটি পোল্ট্রি খামারে চাকরি করতেন। সকালে খামারের হিসাবনিকাশ শেষ করে মোটরসাইকেলে চারঘাট বাজারে যাওয়ার পথে ফরিদপুর মোড়ের পশ্চিম পাশে একটি কালভার্টের কাছে পেছন থেকে আসা ড্রাম ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সাহাকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ইসমাইলের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে রয়েছে। পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। চারঘাট মডেল থানার ওসি আব্দুন নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।