লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নাটোরের লালপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দিনব্যাপী ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৫টি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজগুলোর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
উদ্বোধন হওয়া রাস্তাগুলো হলো লালপুর হেডকোয়ার্টার (লালপুর আরএসডি) থেকে নিমতলী, দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর হাট থেকে মাঝগ্রাম রেল স্টেশন, মাঝগ্রাম হাট থেকে গোপালপুর ইউপি অফিস, কুজিপুকুর হাট থেকে মাঝগ্রাম রেল স্টেশন এবং কদিমচিলান ইউনিয়নের নাওদাড়া হাট থেকে কদিমচিলান ইউপি রাস্তা।
রাস্তাগুলোর নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হামিদুর রহমান বাবু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল্লাহ আল মামুন কচির সন্তান শেখ ফয়সাল আহমেদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।