চাঁপাইনবাবগঞ্জে ২৭টি মাদ্রাসার আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন দুজন
চাঁপাইনবাবগঞ্জে আলিম পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী। জেলার ২৭টি মাদ্রাসার মধ্যে একমাত্র শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা থেকেই এই দুজন জিপিএ-৫ পেয়েছেন। বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই সর্বোচ্চ এই ফল অর্জন করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, জেলা সদরের শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন আরও ১৭ জন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি থেকে পাস করেছেন ২২ জন শিক্ষার্থী। জেলায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের মাদ্রাসা থেকেই দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, ‘গোটা জেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাত্র দুজন জিপিএ-৫ পেয়েছে। এই দুজনই তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এতে তিনি ভীষণ আনন্দিত। তবে প্রতিষ্ঠানের ফলাফল আরও ভালো হবে বলে প্রত্যাশা ছিল। আশা করছি, আগামীতে আরও ভালো ফল হবে।’
অন্যদিকে, জেলার বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।