নাটোরকে মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় : নাটোরে হুইপ দুলুর
নাটোরকে মাদকমুক্ত, আধুনিক ও সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ লক্ষ্যে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার দুপুরে নাটোরের রানী ভবানী রাজবাড়িতে স্কাউটসের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সপ্তম ক্যাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্কাউট সদস্যদের উদ্দেশে দুলু আরো বলেন, আগামী চার বছর পর তোমরা যখন আবার এ অঞ্চলে আসবে, তখন নাটোরের পরিবর্তন তোমাদের চোখে পড়বে। নাটোরকে একটি সুন্দর, আধুনিক ও মাদকমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কাউট ব্যক্তিত্ব মঈনুদ্দিন আল মাহমুদ,শামীম আরা চৌধুরী, বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা । উল্লেখ্য, আঞ্চলিক সপ্তম ক্যাব ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে।