ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী নিহত, গ্রেফতার ছেলে
রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া আক্তার ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী। দুই ছেলের মধ্যে তাহসিন ছোট। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। আফিয়া ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা দুটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে আফিয়ার মুখ ও গলায় গুরুতর জখম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার পর বাসা থেকেই তাহসিনকে আটক করা হয়। আফিয়া হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় তাহসিনকে গ্রেফতার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাহসিনের মানসিক সমস্যা রয়েছে। এর আগে তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি