রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্যাপিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী। রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪২ বছর ধরে ক্লাবটি নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম উপমহাদেশে সাম্য, মানবতা এবং নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। প্রতিবছর তাঁদের সৃষ্টি ও আদর্শ স্মরণ করার পাশাপাশি নিজেদের চিন্তা ও কর্মে তা ধারণ করতে হবে। মহিলা ক্লাবের দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রশংসনীয়। সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্লাবের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
রাবি মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও দর্শন মানুষকে মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। নজরুলের সাম্যের চেতনা ও নারীর অধিকার প্রতিষ্ঠার আদর্শ ধারণ করে সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। ধর্মীয় বিভাজন ভুলে মানবিক মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালক আফরজা আহমেদ বলেন, মহিলা ক্লাবের এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো সদস্যদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং তাঁদের সংগীত ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করা। তিনি বলেন, ১৯৬১ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রায় চার দশক ধরে মহিলা ক্লাবের কার্যক্রমেও সম্পৃক্ত আছেন। এবারের আয়োজনটি তাঁর শেষ অনুষ্ঠান হলেও সংগীতচর্চা ও গান শেখানো অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়া মহিলা ক্লাবের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং রবীন্দ্র-নজরুল অনুরাগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিল্পী রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।