শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় ৬ নাগরিক জামিনে মুক্তির পর আবারও পুলিশ হেফাজতে

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও ছয় ভারতীয় নাগরিককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা এলাকা থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গোতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বিকালে তাঁদের জামিন দেন আদালত। দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তাঁরা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলার বাসিন্দা ফারুক হোসেন জিম্মায় জামিন পান ওই ছয় ভারতীয় নাগরিক। ফারুক হোসেন জানান, কারাগার থেকে মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় নাগরিকরা। এরপর তারা ফারুক হোসেনের বাড়িতে আসেন। সেখানে রাতের খাবার শেষেই পুলিশের একটি দল তাদের নিয়ে আসে।

ফারুক হোসেন বলেন, ‘তাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের কাছে জানতে চেয়েও সদুত্তোর পাইনি।’
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ৬ ভারতীয় নাগরিককে হেফাজতে নেয়া হয়েছে। আমরা এখনও তাদের আটক করা হয়েছে বলবো না। আমরা তাদের (ভারতীয় নাগরিকদের) ব্যাপারে আরও খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি নিয়ে আমরা আদালতের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

সোমবার বিকালে ছয় ভারতীয় নাগরিকের মধ্যে পুলিশের করা মামলার আসামি চারজনকে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম।

এরা হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬)। এছাড়াও সুইটি বিবির আরেক সন্তান মো. ইমাম দেওয়ান (৬) ও সোনালী বিবির সন্তান সাব্বির শেখ (৮) কারাগারে বন্দি থাকলেও মামলা আসামি ছিলেন না।
আসামি পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন- অন্তসত্তা সোনালী খাতুন যে কোন সময় বাচ্চা প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকী আরও তিনজনকে জামিন দেয়া হয়েছ। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তার জিম্মাদার হয়েছেন। তিনি সোনালী বিবির আত্মীয় হোন।
একরামুল হক পিন্টু আরও বলেন, আগামী ৩ ডিসেম্বর ওই মামলার শুনানীর দিন রয়েছে। ওইদিন আসামীদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুইজন কোলের শিশু হওয়ার মামলায় তাদের আসামী করা হয়নি।