নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নুরুল্লাপুর এলাকায় এঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর নাম কাউসার আহমেদ মাহি (১০)। তিনি ওই গ্রামের কামালের ছেলে এবং নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ভোরে মাহি ফজরের নামাজ পড়তে নুরুল্লাপুর জামে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে শিশুটি সড়কে ছিটকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে পথে তার মৃত্যু হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।#