তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে দিনব্যাপী পিঠা উৎসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে যৌথভাবে এই পিঠা উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। উপজেলা চত্বরে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানসহ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজনরা। পিঠা উৎসবে মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ১টি, উপজেলা মহিলা উন্নয়ন সমিতি ১টি, কারুপল্লী ফুড পার্ক ১টি ও ঈশ্বরদী উদ্যোক্তা প্ল্যাটফর্ম ৩টি স্টল বসায়। উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি ভাপা পিঠা, তাল পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ পুলি, দুধ চিতই, কেকসহ নানান প্রকারের সুস্বাদু ও রসালো পিঠা স্টলে উপস্থাপন করেন। অতিথি ও আগতরা ঘুরে ঘুরে স্টলে রাখা পিঠা দেখেন। পিঠা তৈরিকারীরা অতিথিদের সামনে প্রত্যেকটি পিঠার বিবরণ তুলে ধরেন।