পাবনা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সাবেক এমপি সিরাজের শোডাউন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
দলীয় নির্দেশনা উপেক্ষা করে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার বিশাল মোটর সাইকেল ও গাড়ি বহরের শোডাউন করেছেন। তিনি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবী জানিয়ে তারেক রহমানের রূপকল্প ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
শনিবার সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি পাকশী থেকে বিশাল গাড়িবহর নিয়ে মুলাডুলি ও দাশুড়িয়া এলাকায় গণসংযোগ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য সিরাজুল ইসলাম সরদার বলেন, ১৯৯১ সালে যারা হাবিবুর রহমান হাবিবকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আমাকে বিজয়ী করেছিলেন, আজকে তারা সবাই তাদের ছেলে ও নাতি নাতনীদের সাথে নিয়ে আমার জন্য নির্বাচনী মাঠে কাজ করছেন।
তিনি বলেন, দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের রূপকল্প-৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জনতার প্রত্যাশা পূরণে বিএনপি মাঠে আছে, থাকবে। তিনি আরও বলেন, পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন প্রয়োজন।
এসময় তার সঙ্গে শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল সরদার, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা ইসলাম, বিএনপি নেতা রুহুল আমিন বাবলু, শফিকুল ইসলামসহ অনেকেই এসময় বক্তব্য দেন। ঈশ্বরদী ইপিজেড গেট থেকে শুরু করে নতুন হাট গোল চত্বর, সলিমপুর বোর্ডঘর, মুন্নার মোড়, চাঁদআলীর মোড়, দাশুড়িয়া বাজার এবং সড়ইকান্দি হয়ে শেখ পাড়া ও মুলাডুলি বাজারে লিফলেট বিতরণ করেন সিরাজ সরদার।
উল্লেখ্য পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।