জান্নাতের ভুয়া টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে : হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে যারা জান্নাতের ভূয়া টিকেট বিক্রি করেছিল, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তাদের জান্নাতের ভূয়া টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে। শনিবার বিকেলে উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দলীয় মতবিনিময় ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিব বলেন, জামায়াতে ইসলামী নিজের দলের কর্মী ব্যতীত যারা সাধারণ মানুষের খোঁজ নেয় না, কর্মসংস্থান সৃষ্টি করে না। তারা আবার ধর্মকে পুঁজি করে ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন করার স্বপ্ন দেখায়। সুসময়-দুঃসময়ে জিয়া পরিবারই শুধু দেশের কৃষক, শ্রমিক, খেটো খাওয়া দিনমজুরের ভাগ্য উন্নয়নের কথা ভেবেছে। এদেশে খাদ্য ঘাটতি ছিল, মানুষ যখন পেটের ক্ষুধায় ভুগছিল।
ঠিক সে সময়ে জিয়াউর রহমান বিদেশ থেকে ইরি ধান এনে দেশের মানুষের খাদ্যের ব্যবস্থা করেছিল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে সে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
সাহাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপি নেতা দুলাল মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চামেলি বেগম, খাদিজা সুলতানা নিপা, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন ও ইব্রাহিম হোসেন। এ সময় সাহাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।