শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে প্রার্থী বদলের দাবিতে বিএনপির মিছিল-পথসভা

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে প্রার্থী বদলের দাবিতে বিএনপির মিছিল-পথসভা
ঈশ্বরদীতে প্রার্থী বদলের দাবিতে বিএনপির মিছিল-পথসভা


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া দুই উপজেলার (পাবনা-৪) বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রার্থীর নাম ঘোষণার দিন থেকেই এই দুই উপজেলায় দফায় দফায় প্রার্থী বদল করার দাবিতে বিক্ষোভ করেছে ঈশ্বরদী ও আটঘরিয়ার উপজেলা-পৌর বিএনপির নেতা-কর্মীরা।

গত শনিবার সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঈশ্বরদীতে আয়োজিত র‌্যালি শুরুর পর থেকে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মীরা শহরের আলহাজ্ব মোড়ে সমবেত হন। র‌্যালী শেষে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে আয়োজিত পথসভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রার্থী বদলের দাবি জানিয়ে বক্তব্য দেন নেতারা। এসময় হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা বাতিল করে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী করার দাবি জানান তারা।

পথসভায় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ ছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি প্রমুখ। এসময় দুই উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।