শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোর-১ আসন : ভাই-বোনের বিরোধ চরমে!

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১২:১২ পূর্বাহ্ন
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১২:১২ পূর্বাহ্ন
নাটোর-১ আসন : ভাই-বোনের বিরোধ চরমে!
নাটোর-১ আসন : ভাই-বোনের বিরোধ চরমে!

নাটোর প্রতিনিধি:


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে বোনের সঙ্গে ভাইয়ের বিরোধ চলছে। মনোনয়ন বাতিলের দাবিতে ভাইয়ের সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিও পালন করছে।
এরা হলেন বিএনপির প্রয়াত নেতা ফজলুল রহমানের পটলের সন্তান ফারজানা শারমিন পুতুল ও ইয়াছির আরশাদের রাজন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পুতুলকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করছেন। গেল ৩ নভেম্বর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ওই আসনে ফারজানা শারমিন পুতুলকে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকেই এ বিরোধ প্রকাশ্যে আসে।

ফারজানা শারমিনের মনোনয়ন বাতিলের দাবিতে ইয়াছির আরশাদের সমর্থকেরা শনিবার (৮ নভেম্বর) বিকেলে লালপুরের শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ফজলুর রহমান পটল লালপুর-বাগাতিপাড়ার প্রাণের পুরুষ ছিলেন। তার সুযোগ্য ছেলে চিকিৎসক ইয়াছির আরশাদ রাজন বাবার জনপ্রিয়তা পেয়েছেন। এমপি হিসেবে আমরা তাকেই দেখতে চাই। না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অবিলম্বে মনোনয়ন পরিবর্তন চাই। এ সমাবেশে ইয়াছির আরশাদ রাজন উপস্থিত না থাকলেও তার ঘনিষ্ঠ অনেককে সেখানে দেখা গেছে।
এবিষয় ইয়াছির আরশাদ বলেন, জনমত উপেক্ষা করে কোনো মত চাপিয়ে দেওয়া হলে দলই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি আশা করব, দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। তৃণমূলের আশা-আকাক্সক্ষাকে গুরুত্ব দেবে। আমি লালপুরে জন্মেছি, লালপুরেই আমার সংসার। লালপুর-বাগাতিপাড়ার মানুষের সঙ্গে মিলে-মিশে থাকতে চাই।

অন্যদিকে ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদের ভাই বোনের মধ্যে কোনো বিরোধ নেই। একটি কুচক্রী মহল আমাদের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। সাতদিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জনপ্রিয়তা যাচাই করেই দল প্রার্থী মনোনয়ন দিয়েছে। এলাকার মানুষ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন।
এছারা গত ৩ নভেম্বর ফারজানা শারমিনকে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে ইয়াছির আরশাদের সমর্থক এবং বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী তাইফুল ইসলাম টিপুর অনুসারীরা ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাইফুল ইসলামের টিপু কয়েকশ সমর্থক আজিমনগর রেলস্টেশনে জড়ো হন। তারা রেললাইনে শুয়ে পড়ে প্রায় এক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এর আগে বিকেল চারটার দিকে তাইফুল ইসলাম টিপুর কর্মী সমর্থকরা গোপালপুরে লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার হয়ে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন গোপালপুর রেলগেটে এলাকায় যায়। এসময় রেলপথ অবরোধ করে গোপালপুর পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্য নেতারা বক্তব্য দেন ।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন শনিবার বিকেলে বাগাতিপাড়া স্কুল মাঠে জনসভা করেছেন। জনসভায় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার দলীয় নেতারা ছিলেন।
উল্লেখ্য, নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা পর থেকে প্রতিবাদে তার ভাই ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার মনোনয়ন ঘোষণার পর বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার কদিমচিলান ও গৌরিপুর মোড়ে এসব ঘটনা ঘটে।
অন্যদিকে নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মনোনয়ন দেওয়ায় ওই রাতেই নাটোর শহরের কানাইখালি, আলাইপুর ও স্টেশনবাজার এলাকায় বিএনপি কর্মীরা বিপুল পরিমাণ আতশবাজি ফাটান ও পটকা ফোটান। কর্মীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।