ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। আনোয়ার আহমেদ চট্রগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর গ্রামের স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, আনোয়ার আহমেদ রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। দশ দিন ছুটি কাটিয়ে শনিবার বিকেল তিনটার দিকে তিনি চট্টগ্রাম থেকে ঈশ্বরদীতে ভাড়া বাসায় ফেরেন।
ঈশ্বরদীতে আসার পর রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় আনোয়ার আহমেদের স্ত্রী রিপা আহমেদ পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে মোবাইল ফোনে স্বামীর খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরের জানালা দিয়ে দেখতে পান তিনি ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। এসময় ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল।
খবর পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।