দুই বছর কোমায় থেকে মারা গেল আবির

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির আর নেই। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে না ফেরার দেশে চলে গেল আবির। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআ’র নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় আবির। সেসময় তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় থাকার পর গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়।