ফুলবাড়ীতে কাঠবোঝাই ট্রলির চাকা বিস্ফোরণে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কাঠবোঝাই মিনি ট্রলির চাকা বিস্ফোরণে উড়ে যাওয়া ধাতব অংশের আঘাতে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার নিমতলা মোড়ের হানিফ কাউন্টার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক মো. সালাম (৩৮) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চক্কবীর গ্রামের তইবুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী মো. রাসেল জানান, “আমরা প্রতিদিনের মতো অটোস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় ছিলাম। ঠিক তখনই অতিরিক্ত কাঠবোঝাই একটি মিনি ট্রলি পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলির একটি চাকা বিস্ফোরিত হয়। বিস্ফোরিত অংশ উড়ে এসে অটোচালক সালামের মাথায় আঘাত করে। মুহূর্তেই তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং মস্তিষ্কের অংশ বেরিয়ে আসে।”
পরে স্থানীয়রা দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে মহেশপুর নামক স্থানে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। পরে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল হক জানান, “দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়। কাঠবোঝাই ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা জানান, অতিরিক্ত বোঝাই ও ট্রলির অনিরাপদ চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।