সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘বিএনপি নেতা’ পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ‘বিএনপি নেতা’ পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জে ‘বিএনপি নেতা’ পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


‘বিএনপি নেতা’ পরিচয় দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এক অটোরাইস মিল মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের বিভিন্ন স্থাপনা ও সাইনবোর্ডে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ভাঙচুর করার পরেও মুঠোফোনে চাঁদার ৫ লাখ টাকা দাবি করেন বিএনপি নেতা রমজান আলী। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী তরিকুল ইসলাম।

অভিযোগকারী ব্যবসায়ী, কল রেকর্ড সূত্রে জানা যায়, জেলা শহরের টোলঘর-নতুন ব্রিজ সড়কের টি ইসলাম চত্বরের দুই দিকে সাড়ে ৭ বিঘা জমি রয়েছে মিনার অটো রাইস মিলের মালিক মোহা. তরিকুল ইসলামের। গত দুই মাস আগে সড়কের দুই ধারে পেট্রল পাম্প ও আবাসিক ভবন টি ইসলাম টাওয়ার নির্মাণের জন্য সাইনবোর্ড দেন ওই ব্যবসায়ী। এ সময় স্থানীয় একটি চাঁদাবাজ চক্র তরিকুল ইসলামের কাছে ৫ লাখ টাকা দাবি করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সারাদিনে টি ইসলাম চত্বরে নতুন করে স্থানীয়দের বসার জন্য সড়কের পাশে ইট দিয়ে নির্মিত ঢালাই সিট করেন ব্যবসায়ী তরিকুল ইসলাম। এরপর রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় চাঁদাবাজ চক্র। জেলা শহরের শিবতলা এলাকার গোলাব আলীর ছেলে রমজান আলী নিজেকে ‘বিএনকি নেতা’ পরিচয় দিয়ে এই চাঁদা দাবি করেন বলে দাবি করেছেন ব্যবসায়ী তরিকুল ইসলামের। যদিও বিএনপিতে তার কোন পদ-পদবি বা পরিচয় পাওয়া যায়নি।

ভাঙচুরের পর ব্যবসায়ী তরিকুল ইসলাম ও চাঁদাবাজির অভিযুক্ত ব্যক্তি রমজান আলীর একটি অডিও কথোপকথনে শোনা যায়, তরিকুল ইসলাম ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ভাঙচুর করা হয়েছে কি না জানতে চান রমজান আলীর কাছে। জবাবে রমজান আলী বলেন, হ্যাঁ টাকা না পেয়েই এমনটা করা হয়েছে। এখনই ৫ লাখ টাকা দিয়ে পাঠান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জের চাল ব্যাবসায়ী ও মিনার অটোরাইস মিলের মালিক তরিকুল ইসলাম বলেন, নতুন করে নির্মাণ হওয়া সড়কের দুই ধারে আমার নিজস্ব সাড়ে ৭ বিঘা জমি রয়েছে। সেখানে দুই ধারে পেট্রল পাম্প ও একটি বহুতল ভবন করার পরিকল্পনা করে কয়েকটি সাইনবোর্ড দেয়ামাত্রই দুই মাস আগে বিএনপি নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর সেখানে গত মঙ্গলবার বসার জায়গা করলে রাতে ভাঙচুর চালানো হয়। নিজের নিরাপত্তার স্বার্থে থানায় অভিযোগ দিয়েছি। আশা করি, ঘটনার ন্যায়বিচার পাব।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম ও সামশুল আলম জানান, মোড়ের উপরে টি ইসলাম তার নিজস্ব জায়গায় সাইনবোর্ড ও বসার জায়গা করেছেন। মঙ্গলবার রাতে কে বা কারা এসে হঠাৎ ব্যাপক ভাঙচুর চালায়। আমরা শুনেছি, তরিকুল ইসলামের কাছে নাকি চাঁদা না পেয়ে এমন ভাঙচুর করেছে।

এ নিয়ে অভিযুক্ত রমজান আলী বলেন, ভাঙচুর কে বা কারা করেছে তা আমার জানা নেই। তবে ভাঙচুরের পর আমার বন্ধু ফোন দিয়েছে এমনটা ভেবে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনা স্বীকার করি। আমার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। দলীয় পরিচয়ের বিষয়ে তিনি বলেন, বিএনপিতে আমার কোন পদ-পদবি নেই। তবে দলের কর্মী হিসেবে বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, রমজান আলী বিএনপির কোন পদ-পদবিতে নেই। দলীয় পরিচয় দিয়ে কেউ কোন চাঁদাবাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ দেয়ার অনুরোধ জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, চাঁদাবাজি ও ভাঙচুরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তকাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মতিউর।