রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীর পদ্মায় গুলিবর্ষণ করে স্পিডবোট ও নৌকা ছিনতাই, দুই কৃষক গুলিবিদ্ধ

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ন
ঈশ্বরদীর পদ্মায় গুলিবর্ষণ করে স্পিডবোট ও নৌকা ছিনতাই, দুই কৃষক গুলিবিদ্ধ
ঈশ্বরদীর পদ্মায় গুলিবর্ষণ করে স্পিডবোট ও নৌকা ছিনতাই, দুই কৃষক গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তরিয়া মহলে ইজারার টোল আদায় করার সময় নদীতে সন্ত্রাসী হামলা চালিয়ে তরিয়া মহলের ইজারাদার মেহেদী হাসানের নৌকা ও স্পিডবোট ছিনতাই করেছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় অতর্কিত গুলিবর্ষণের সময় নদীর পাড়ে কাজ করা অবস্থায় দুই কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুই কৃষক হলেন, সাঁড়া ৫নং ঘাট এলাকার সজিব হাওলাদার ও নিজাম আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পাকশী ফাঁড়ি, নৌ-পুলিশ ও টহল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্ত্বরা পালিয়ে যায়।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়া ৫নং ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ইজারাদারের টোল আদায়ের কর্মরত লোকজনের মধ্যে আল-আমিন, নাসিম হোসেন, নৌকার মাঝি মেহেদী হোসেন ও মাঝি জাহাঙ্গীর আলমসহ কয়েকজন প্রতিদিনের মত তরিয়া মহলের ইজারার টোল আদায় করছিলেন। এসময় দুটি নৌকা ও একটি স্পিডবোটে সেখানে অচমকা ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত্ব-সন্ত্রাসী কায়দায় অতর্কিত গুলিবর্ষণ করে। গুলির শব্দে ইজারাদারের লোকজন পাড়ে নৌকা ও স্পিডবোট ভিড়িয়ে ঘাটের পাশের বাড়িতে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা নৌকায় থাকা টোল আদায়ের ৩০-৩৫ হাজার টাকাসহ ইজারাদারের একটি বড় নৌকা ও একটি স্পিডবোট ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সাঁড়া ঘাট এলাকার পদ্মা পাড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন, কৃষক ও স্থানীয় বাসিন্দারা গুলির শব্দে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন।

এ বিষয়ে তরিয়া মহলের ইজারাদার মেহেদী হাসান বলেন, পদ্মা নদীতে কুষ্টিয়া এলাকার সোহেল খন্দকার নামের একজন চ্যানেল ইজারাদারের বিষয়ে রোববার সন্ধ্যায় আমি একটি সংবাদ সম্মেলন করেছি। ধারণা করছি তারাই এই গুলিবর্ষণ ও ছিনতাই করেছে। পাকশী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল খন্দকার নামে কুষ্টিয়ার এক চ্যানেল ইজারাদারের সঙ্গে ঈশ^রদীর সাঁড়া ঘাটের তরিয়া মহলের ইজারাদার মেহেদী হাসানের পূর্ব বিরোধের সূত্র ধরেই এই গুলিবর্ষণ ও নৌকা-স্পিডবোট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবর্ষণ ও ছিনতাই এর এ ঘটনা নিয়ে ঈশ^রদী থানায় অভিযোগ করেছেন ইজারাদার মেহেদী হাসান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, থানায় দেওয়া অভিযোগ নৌ-পুলিশকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করা হবে।