চাঁপাইনবাবগঞ্জের কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটির ধুমিহায়াতপুর গ্রামে এক পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেলের বিস্ফোরণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান মুঞ্জুর পরিবারের কবরস্থানের বাউন্ডারি ওয়ালের পাশে পুঁতে রাখা ককটেলগুলো হঠাৎ বিস্ফোরিত হয়। এতে কবরস্থানের সীমানা প্রাচীরের একটি দেওয়াল ভেঙে যায় এবং আশপাশের মাটি উড়ে গর্তের সৃষ্টি হয়।
এ সময় ভোরের নীরবতা ভেদ করে একের পর এক বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় অনেকে ঘুম থেকে জেগে উঠে ছুটে যান বাইরে।
স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোরে হঠাৎ তীব্র শব্দে ঘুম ভেঙে যায় আমাদের। বাইরে এসে দেখি কবরস্থানের একটি দেওয়াল ভেঙে পড়েছে। মাটির নিচ থেকে ধোঁয়া উঠছিলো। মনে হলো একসাথে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
অন্য একজন বাসিন্দা জানান, এ ধরনের ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। ফলে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
তিনি আরও বলেন, কে বা কারা কবরস্থানে ককটেলগুলো পুঁতে রেখেছিলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ককটেল মজুতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে ধুমিহায়াতপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা মনে করছেন, পূর্বশত্রুতা বা নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো এখানে পুঁতে রাখা হয়েছিলো।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণে ব্যবহার হওয়া ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে।