নাটোরে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
নাটোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি এ ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে অধ্যাপক ইউনুস আলী স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, কৃষি উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানোন্নয়নসহ প্রতিটি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে।
তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে।”
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নির্বাচন আসন পরিচালক আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর জামায়াতের সেক্রেটারী আলী আল মাসুদ মিলন, মিলনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা । এ সময় তারা অধ্যাপক ইউনুস আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।