বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

আমুসহ ৭জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

সোনার দেশ ডেস্ক ০৫ নভেম্বর ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ নভেম্বর ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
আমুসহ ৭জনের বিরুদ্ধে অভিযোগ আমলে
সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


২২ নভেম্বর শুনানির জন্য তারিখ নির্ধারণ করে পলাতক মির্জা আজমের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।


এর আগে ২ নভেম্বর ফরমাল চার্জ দাখিল করা হয়।

সাতজন হলেন-সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটনমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।


এর আগে ২৬ অক্টোবর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। সেটি নিয়ে আমরা ফরমাল চার্জ প্রস্তুত করেছি।


তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। তারা মিটিংয়ে এবং জুলাই গণহত্যার সিদ্ধান্তে ছিলেন। এসব অভিযোগ তাদের বিরুদ্ধে আছে।

এর মধ্যে দীপু মনি ও আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার আসামি হিসেবে রয়েছেন।


তথ্যসূত্র: বাংলানিউজ