সোমবার, জুন ২২, ২০২৬

কুমিল্লায় বাড়ির দুই ঘরে মা ও মেয়ের ঝুলন্ত লাশ

সোনার দেশ ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
কুমিল্লায় বাড়ির দুই ঘরে মা ও মেয়ের ঝুলন্ত লাশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক বাড়ির দুটি ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার দারেরা ইউনিয়নের সাঁকোজ গ্রামের মজুমদার বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান।


নিহতরা হলেন- ওই বাড়ির মাদ্রাসা শিক্ষক মুজাহিদুল ইসলামের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তাদের সাত বছর বয়সী মেয়ে ফাসিহা।


ওই পরিবারের প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, মিজানুর রহমান ঢাকায় একটি মাদ্রাসায় চাকরি করেন। ছেলে জুবায়েরকে নিয়ে তিনি সেখানেই থাকেন। বাড়িতে তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে থাকতেন। বড় মেয়ে ফারিহা দিনের বেলায় মাদ্রাসায় ছিল।


“বাড়ির দরজা-জানালা খোলা না দেখে পাশের এক চাচির কথায় আমি তাদেরকে জোরে জোরে ডাকাডাকি করি এবং ঘর খুলতে বলি। প্রায় ১০-১২ মিনিট ডাকাডাকির পরও কেউ সাড়া দেয়নি, দরজা-জানালা খুলেনি। পরে কয়েকজনের উপস্থিতে একটা জানালা খুলে ছোট মেয়ের লাশ দেখতে পাই। তখন চিৎকার করে আরও মানুষকে ডেকে আনি।”


রাসেল মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ এসে দুই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে।


চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যুর ঘটনাটি সকালেই হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা হবে। তদন্তে মা-মেয়ের মৃত্যুর কারণ জানা যাবে।”


তথ্যসূত্র: বিডিনিউজ