মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জ্বালানি পরিবহন ও টাওয়ার রক্ষণাবেক্ষণে পুলিশ চায় বিটিআরসি

সোনার দেশ ডেস্ক ২২ এপ্রিল ২০২৬ ০১:০৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ এপ্রিল ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
জ্বালানি পরিবহন ও টাওয়ার রক্ষণাবেক্ষণে পুলিশ চায় বিটিআরসি

জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পাশাপাশি জ্বালানি সংকটের মধ্যে দেশব্যাপী নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি এবং মোবাইল অপারেটর সংশ্লিষ্টদের নিয়ে দুই দফা যৌথ সভা আহ্বান করা হয়েছে।

বুধবার বিটিআরসিতে প্রথম সভা অনুষ্ঠিত হবে।

বিটিআরসি থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়, ‘দেশব্যাপী নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটর ও টাওয়ারকো অপারেটরদের নেটওয়ার্ক সব সময় সচল রাখা অপরিহার্য।

দেশের চলমান পরিস্থিতিতে মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের কারণে মোবাইল অপারেটরদের সাইট ডাউন হওয়াসহ মোবাইল পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সার্ভারসমূহ প্রায়ই ডাউন হচ্ছে, ফলে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা সচল রাখতে জেনারেটরের ওপর অপারেটরদের নির্ভরশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে, মোবাইল অপারেটর ও টাওয়ারকো অপারেটরদের জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ থেকে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ সই করা চিঠিতে আরও বলা হয়, ‘এ অবস্থায়, দেশের জরুরি টেলিকম সেবা নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানোর জন্য সবিনয়ে অনুরোধ জানানো হলো।’

নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিতে যৌথ সভা

এদিকে, চলমান জ্বালানি সংকটে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে বিটিআরসির যৌথ সভা ডাকা হয়েছে।

বিটিআরসি জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার ও কোর নেটওয়ার্ক সাইটসমূহে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করেছে কমিশন।

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণের জন্য গত ১২ মার্চ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায় বিটিআরসি। চিঠির গুরুত্ব বিবেচনায় গত ১৩ মার্চ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ ও সকল জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়।

এ ছাড়াও, গত ২০ এপ্রিল মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিসমূহের জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটসমূহে রক্ষণাবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে বিটিআরসি থেকে পুনরায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

টেলিকম স্টেকহোল্ডারদের উদ্বেগ ও উৎকণ্ঠার প্রেক্ষিতে টেলিকম নেটওয়ার্ক সচল রাখতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের বিষয়ে বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ারকো অপারেটর এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এমটব)-এর সঙ্গে বিটিআরসির একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২৩ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ বিতরণ কোম্পানিসমূহ এবং টেলিকম সংশ্লিষ্ট অপারেটরদের সঙ্গে আরেকটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় টেলিকম খাত সংশ্লিষ্ট জ্বালানি সংকটজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: বাংলানিউজ