সোমবার, জুন ২২, ২০২৬

যশোরে বাড়ির সামনে পড়ে থাকা বস্তা খুলে বৃদ্ধার লাশ পেলেন ছেলে

সোনার দেশ ডেস্ক ২২ এপ্রিল ২০২৬ ০১:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ এপ্রিল ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
যশোরে বাড়ির সামনে পড়ে থাকা বস্তা খুলে বৃদ্ধার লাশ পেলেন ছেলে

যশোর শহরের বাড়ির সামনে থেকে এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যশোর কোতয়ালি থানার এসআই ফজলুল হক।

নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা ও লাল চাঁদ খলিফার স্ত্রী ।

নিহতের ছেলে শহিদুল বলেন, মঙ্গলবালে সকালে আনুমানিক ৯টার দিকে তিনি দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়মের কাছে মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে (ধর্মীয় সভা) গেছেন। এছাড়া বাসায় রান্না হয়নি জানিয়ে বাইরে খেয়ে নিতে বলেন স্ত্রী।

পরে রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল মাকে না পেয়ে ফের খোঁজ নিলে তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন।

পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি মুখ বাঁধা বস্তা পড়ে থাকতে দেখেন। পরে তিনি ও তার বোন শাহিদা বেগম বস্তা খুলে তাদের মা সকিনা বেগমের লাশ দেখতে পান।

এসআই ফজলুল হক বলেন, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সকিনা বেগম। পরে সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে মুখ বাধা বস্তায় তার লাশ পান ছেলে শহিদুল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: বিডিনিউজ