মোহনপুরে হেরোইনসহ গ্রেপ্তার ৬০ বছরের ব্যক্তি, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহীর মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ মো. গোলাম হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সিপিএসসি দল। এ সময় তাঁর হেফাজত থেকে একটি সিএনজি, দুটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোহনপুর উপজেলার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল জানতে পারে, গোলাম হোসেন হেরোইন বিক্রির উদ্দেশ্যে ওই পথে যাচ্ছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম হোসেন মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। অভিযানের সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁর হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি ও নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি আরও জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গোলাম হোসেনকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানানো হয়।