শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

দুর্গাপুর প্রতিনিধি ০৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন খেলা
দুর্গাপুর প্রতিনিধি ০৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।


বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।


এ ছাড়া নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সদস্যসচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল এবং উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা। দ্বিতীয় আসরে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর।


উল্লেখ্য, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলায় আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল।