শনিবার, নভেম্বর ০৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ০২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ০২:১১ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া আয়োজন

শনিবার (৭নভেম্বর) রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সভাপতি প্রফেসর মো. তৌরেজ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটি, রাজশাহী সরকারি মহিলা কলেজের আহ্বায়ক প্রফেসর মো. মোজাফফার হোসাইন।


আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” এর ঐতিহাসিক তাৎপর্য ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় এর গুরুত্ব সম্বন্ধে তথ্যভিত্তিক আলোচনা করেন। 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে “৭ নভেম্বরের ঘটনাবলি এবং গুরুত্ব সম্বন্ধে শিক্ষার্থীদের অধিকতর সচেতন করার জন্য বর্তমান সরকারকে ৭ নভেম্বরকে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করার আহ্বান জানান”। তিনি আরো বলেন, “৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশের হাল ধরার ফলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক স্থিতিশীলতা এসেছিল।” বিশেষ অতিথি প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার ও সভাপতি প্রফেসর মোঃ মোজাফফর হোসাইন তাঁদের বক্তব্যে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মতলেবুর রহমান সরদার। 


আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং সিপাহী-জনতার বিপ্লবের বীর শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।