শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি একদিনে বেড়েছে ৮২ সেন্টিমিটার, বাড়বে আরও ৩ দিন

WP Import ০৩ নভেম্বর ২০২৫ ১১:৫৭ অপরাহ্ন
WP Import ০৩ নভেম্বর ২০২৫ ১১:৫৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ভারি বৃষ্টিপাত হয়েছে পদ্মা অববাহিকায়। আর এতেই হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ২৪ ঘণ্টায় পানির সমতল এক লাফে বেড়েছে ৮২ সেন্টিমিটার।

সোমবার (৩ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (৩ নভেম্বর) সকাল ৯ টায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা গেজ স্টেশনে পানির সমতল বৃদ্ধি পায় ৮২ সেন্টিমিটার। বর্তমানে সেখানে পানির সমতল ১৭ দশমিক ৭৮ মিটার। রোববার (২ নভেম্বর) সকাল ৯ টায় ছিল ১৬ দশমিক ৯৬ মিটার। রোববার সকাল ৯ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পানির সমতল বেড়েছিল ৩৬ সেন্টিমিটার। পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূনর্বাসন কেন্দ্র জানিয়েছে, আগামী তিনদিন পদ্মা নদীতে পানি বাড়তে পারে। এরপর আবারও পানি কমতে শুরু করবে।
এদিকে, সোমবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানির সমতল বেড়েছে ২৫ সেন্টিমিটার। অন্যদিকে পূনর্ভবা নদীর পানির সমতল বেড়েছে ১৯ সেন্টিমিটার। মহানন্দা নদীর বিপদসীমা ২০.৫৫ মিটার ও পুনর্ভবা নদীতে বিপদসীমা ২১.৫৫ মিটার।

উল্লেখ্য, শুক্রবার রাতের বৃষ্টিতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, সরিষা, বিভিন্ন সবজি, পেঁয়াজ, মাসকলাই, ভুট্টা, স্ট্রবেরি। এছাড়া প্রায় ৪০০ শতাধিক পুকুর পানিতে ভেসে গেছে।