বদলগাছীতে সরিষা আবাদ বৃদ্ধিতে ৪ হাজার কৃষককে সার বীজ প্রণোদনা

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪ হাজার কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে বীজ ও সার দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা যায়, চিকিৎসা বিজ্ঞান অনুসারে সরিষার তেল মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে অপসাদ কাটাতে , স্মৃতিশক্তি আর মনঃসংযোগ বাড়াতে এ তেল যতেষ্ঠ উপকারী।
সরিষার তেল রকমারী খাবার তৈরী, সুস্বাদুূ তরিতরকারী রান্নাতে যেমন উপকারী তেমনি শরীরের ত্বক ও চুলের যত্ন নিতে এই তেল বিশেষ অবদান রাখে। সরিষার তেল অন্যান্য তলের তুলনায় স্বাস্থ্যসম্মত। তাই প্রতি বছরের তুলনায় এবার ও উপজেলায় ৪ হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভা কক্ষে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, প্রাণী সম্পদ কর্মকর্তা রিপা রাণী, কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, সমাজ সেবা অফিসার রাজীব আহমেদ। উদ্বোধনী দিনে ১ হাজার কৃষককে সরিষা বীজ ও সার দেওয়া হয়।