শেখ হাসিনার শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি এখনো: সিপিবি নেতা চন্দন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন হলেও তার রেখে যাওয়া শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ৫ আগষ্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এখনো শেখ হাসিনার নীতি অনুসরণ করেই দেশ পরিচালনা করছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার কিন্তু তারা তাদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্ব পালন না করে নানা রকম সংস্কার করে দেশকে শেখ হাসিনার রেখে যাওয়া নীতির প্রতিফলন ঘটাতে ব্যস্ত রয়েছেন। নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ সহ্য করবে না।
উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির আমৃত্যু উপদেষ্টা প্রয়াত কমরেড জসিম মন্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি কমরেড গোলজার হোসেন।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. অলোক মজুমদার, সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। সিপিবির ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জুয়েল হোসেন সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, প্রয়াত জসিম মন্ডলের সন্তান বিলকিস রহমান বিলু, সিপিবি পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিপন, উদিচী’র সহসভাপতি শহিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য জান্নাতুল নাইম, আদিবাসী ইউনিয়নের সম্পাদক সুবর্ণা রানী সরকার প্রমুখ। এ সময় প্রয়াত কমরেড জসিম মন্ডলের দুই মেয়েসহ পরিবারের সদস্য ও সিপিবি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।