নাটোরে হাট-ইজারার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত ৫
নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার হালসাহাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে মন্ডল পরিবারের আপন ভাই ভাতিজাদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়ে সদর হাসপাতালে আনা হলে, তাৎক্ষণিক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। ওই মন্ডল পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ওই এলাকার প্রভাবশালী বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে হালসা বাজারের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হালসা বাজারে আপন দুই ভাই হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল ও হালসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মন্ডলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাফর মন্ডল (৫০), পাপ্পু মন্ডল (২৫), পলাশ মন্ডল (২২) , মাহি মন্ডল (২৫) ও মাজহারুল ইসলাম বেলজু মন্ডল (৩৫) নামে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে আনে।
এ বিষয় নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তুহিন বলেন, সন্ধ্যার দিকে পাঁচজন আহত রোগীকে সদর হাসপাতালে আনা হয়েছিল। তাৎক্ষণিক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে মাজেদ মন্দলের সাথে যোগাযোগ করা হলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
এবিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান জানান, সদরে মোট ২১টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে হালসাহাট ও বড়বাড়িয়া- এ দুটি হাট বাৎসরিক ইজারা হয়নি। এ জন্য খাস আদায়ে স্থানীয় তাহশিলদার হাট কমিটিকে খাজনা আদায়ের জন্য বলেন। এসব হাটে যে টাকা আদায় হয় তা ট্রেজারির মাধ্যমে সরকারের কোষাগারে জমা দেয়া হয়।
হালসা ইউনিয়নের তহশিদার মুঞ্জুরানী জানান, হাটের এ বছর সরকারি ইজারার ১৮ লক্ষ টাকা নির্ধারণ ছিল। তিনবার ইজারা বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত মূল্য না পাওয়ায় প্রতি হাটবারে স্থানীয়ভাবে ইজারা আদায় করার জন্য মাজেদ মন্ডলকে আদায়কারী নিযুক্ত করা হয়।
নাটোর থানার অফিসার ইনজার্চ মাহাবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।