ব্যবসায়ীকে মারপিট করে ৫ লাখ টাকা লুটের অভিযোগ, ঈশ্বরদী থানায় যুবদল নেতার নামে মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে চাঁদা চেয়ে না পেয়ে লোহা ব্যবসায়ী পিতা-পুত্রের ওপর হামলা চালিয়ে তাদের বেধড়ক পিটিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ৫ লক্ষাধিক টাকা লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ের আকাশ আয়রন স্টোরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লোহা ব্যবসায়ী মো. স্বপন ওরফে মাথা (৫২) ও তার ছেলে মো. কাওসার আহমেদ আকাশ (২২)। ব্যবসায়ী মাথা ঈশ্বরদীর দরিনারিচা থানাপাড়ার বাসিন্দা। বর্তমানে তারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী মাথা ৩ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে রোববার রাতেই ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে ও আহত ব্যবসায়ী মাথা অভিযোগ করে বলেন, ‘রাতে নিজেদের দোকানে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন তিনি এবং তার ছেলে আকাশ। এ সময় ঈশ্বরদী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি তারেক হোসেন, যুবদল কর্মী শাহিন, নাসিরসহ আরও ৫/৭ অজ্ঞাত যুবকরা তার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দোকানে প্রবেশ করে আমার এবং আমার ছেলের উপর আমার হামলা চালায় এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় মামলা রেকর্ড করা হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।’
অভিযুক্ত যুবদল কর্মী শাহিন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ওই দোকানে গিয়েছিলাম কিন্তু টাকা লুট করিনি। আমরা কেউ টাকা লুটের সঙ্গে জড়িত নই, যুবদল নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।