ঈশ্বরদীতে বালু উত্তোলনকালে পদ্মা নদী থেকে ড্রেজার জব্দ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাবনা জেলা প্রশাসনের অভিযানে একটি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গেনা মার্কেট এলাকায় পদ্মার একটি শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পাবনার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কে এম মামুনুর রশিদ। অভিযানে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ও রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রোববার রাতে এনডিসি মামুনুর রশিদ গণমাধ্যমকে জানান, কিছু অসাধু ব্যক্তি পদ্মার শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ড্রেজার, একটি শ্যালো ইঞ্জিন, ৪০টি স্টিলের ড্রাম, ১২টি লোহার পাইপ ও ১৫টি প্লাস্টিক পাইপসহ বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় তাউকে গ্রেপ্তার করা যায়নি তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণর করা হবে। জব্দ করা মালামালগুলো লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।