শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ জন ভারতীয় নাগরিকদের দেশে ফেরা দেরি হচ্ছে

WP Import ২৩ অক্টোবর ২০২৫ ১০:০২ অপরাহ্ন
WP Import ২৩ অক্টোবর ২০২৫ ১০:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ জন ভারতীয় নাগরিকদের দেশে ফেরা দেরি হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ জন ভারতীয় নাগরিকদের দেশে ফেরা দেরি হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৬ ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম এ সংক্রান্ত আদেশ দেন।

অভিযোগ গঠনের দিন পেছানোর কারণে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

ওই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ধিতোরা গ্রামের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬) এবং মো. ইমাম দেওয়ান (৬)। এদের মধ্যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা।

আসামী পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, আদালত আগামী ৬ নভেম্বর অভিযোগ গঠনের শুনানীর দিন ধার্য্য করেছেন। ওইদিন শুনানী শেষে অভিযোগ গঠন হবে বলে তাদের আশা ছিল।
তিনি বলেন- ধৃত ৬ জনই ভারতীয় নাগরিক, এ সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে। তারা আদালতে দোষ স্বীকার করতেও প্রস্তুত রয়েছে।

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারী অন্তসত্বা রয়েছেন। পশ্চিমপঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ওই ৬ ভারতীয় নাগরিক দিল্লীতে কাগজ কুড়ানোর কাজ করতেন। দিল্লী পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।

ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেপ্তারকৃতদের পরিবার আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ৬ ভারতীয় নাগরিককে ফেরাতে ৪ সপ্তাহের সময় বেধে দেয় দেশটির সরকারকে। আজ শুক্রবার এ সময়সীমা শেষ হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, কুড়িগ্রামের সীমান্ত দিয়ে পুশইনের পর ওই ছয় ভারতীয় নাগরিক ঢাকায় যান। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন। গ্রেপ্তারের সময় দেশের ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন তারা। তবে বৈধ কাগজপত্র (পাসপোর্ট-ভিসা) না থাকায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।