শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিবাহিত ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন : প্রতিবাদে বিক্ষোভ

WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ন
WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিবাহিত ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন : প্রতিবাদে বিক্ষোভ
ঈশ্বরদীতে বিবাহিত ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন : প্রতিবাদে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে খালিদ বিন পার্থিবকে সভাপতি ও রিয়ামুল ইসলাম রিয়ামকে সাধারণ সম্পাদক করে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ও অনুমোদিত এই কমিটি মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে জানতে পারে ঈশ্বরদীর ছাত্রদল নেতাকর্মীরা।

এদিকে নবগঠিত এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী তারেক মন্ডলের নাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে বিবাহিত ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়ার নাম দেখে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতেই ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা শহরে মোটর সাইকেল মহড়া, কলেজের সামনে ও শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। মঙ্গলবার মধ্যরাতে তারা সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলেরও দাবি জানান।

নতুন কমিটির সিনিয়র সহসভাপতি মাহামুদুল ইসলাম শাওন নিজে সভাপতি প্রার্থী ছিলেন তাকে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে এই কমিটি থেকে তিনি পদত্যাগ করবেন বলে ঘোষনা দিয়েছেন। উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ আওয়ামীলীগের অনেক নেতাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী তারেক মন্ডলের অনেক ছবি ও ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রয়েছে।

অথচ তাকে ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ বলেন, নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিবাহিত, অথচ সংবিধানের তোয়াক্কা না করে তাকেও কলেজ ছাত্রদলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বিটু বলেন, ঈশ্বরদী থেকে প্রায় ৩৬ জন প্রকৃত নেতা-কর্মীর তালিকা করে কমিটি গঠনের জন্য চুড়ান্ত করা হয়েছিল অথচ তাদের নাম বাদ দিয়ে ছাত্রলীগ থেকে আগতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আমরা মানি না।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও ঈশ্বরদী প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এর আগে সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত ও দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদসহ ৩ নেতা পদত্যাগ করে বক্তব্য দেন। এ সময় সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ও সরকারী কলেজ ছাত্রদলের একাংশের নেতা মো. ইব্রাহিম হোসেন লিখিত বক্তব্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসিত করার জন্য এবং প্রবীণ এক নেতাকে খুশি রাখার জন্য ছাত্রলীগের কর্মী ও বিবাহিতদের নিয়ে কমিটি গঠন করে সৎ, যোগ্য ও প্রকৃত ত্যাগী ছাত্রদল কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে ঈশ্বরদীতে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেওয়া হয়। পদত্যাগী ছাত্রদল নেতারা ছাড়াও সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ, সাবেক যুগ্ম সম্পাদক বিকি আগারওয়াল, সাবেক ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহানসহ শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন নতুন কমিটি প্রসঙ্গে বলেন, এই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে নতুন করে ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা উচিৎ।