নাটোরে মিঠুন হত্যা মামলা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি নিক্সন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)কে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় সিংড়ার পেট্রোবাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই মঙ্গলবার (২১ অক্টোবর) সিংড়া থানায় হত্যা মামলা (নং-২৭) দায়ের করা হয়। পরে র্যাব-৫ ও নাটোর ক্যাম্পের একটি যৌথ দল মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং আসামিকে ধরতে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের নেতৃত্বে র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি দল ঢাকার আশুলিয়া থানার খেজুরবাগ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সনকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, নিক্সন ও তার বড় ভাই মমিনুল ইসলাম নিশানের মধ্যে টাকা-পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। কয়েক দিন আগে নিক্সনের মা মালা পারভীন দুই ভাইয়ের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করেন এবং বড় ছেলে নিশানকে বাড়িতে ফেরার অনুরোধ জানান। এরই সূত্র ধরে ২০ অক্টোবর দুপুরে নিশান, তার স্ত্রী তামান্না খাতুন, শাশুড়ি মনিরা বেগম ও শ্যালক মিঠুন বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে বাড়ির পথে রওনা হন।
তারা পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে, নিক্সন তার হাতে থাকা ডেগার (ছোরা) দিয়ে মিঠুনের বুকে ও গলায় আঘাত করেন। এতে মিঠুন গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিক্সন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে আশুলিয়া থানার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।