আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আত্রাই প্রতিনিধি:
আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা প্রয়োজন। পথচারী, চালক এবং যাত্রী-সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করাই পারে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।
তিনি আরও বলেন, আমরা যদি নিরাপদ সড়ক চাই, তাহলে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, রাস্তার মান উন্নয়ন এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার জন্য নিয়মিত প্রচারণার প্রয়োজন। আজকের এই দিবসের মূল লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মূল্যবান জীবন রক্ষার অঙ্গীকার করা।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, সহকারী প্রশাসনিক অফিসার জিয়াউর রহমান, অফিস সহকারী সঞ্জয় কুমার দত্তসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।