নাটোর সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি:
দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর সুগার মিল ফটকে বিক্ষোভ করেন পরিষদের সদস্যরা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং, সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ভুলু, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারি ইউনিযনের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, নাটোরের ৪০৭ জন শ্রমিকের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ হাতে না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিকক, কর্মচারী ও কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত বকেয়া পাওনাদি পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্বারকলিপি প্রদান করেন।