রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মান্দায় জমি জবরদখলে বাধা মারধরে তিন নারী আহত

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন

মান্দা প্রতিনিধি:


নওগাঁর মান্দায় ভাড়াটিয়া বাহিনি দিয়ে ব্যক্তিমালিকানার সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় ভাড়াটিয়া বাহিনির মারধরে তিন নারী আহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাধনা রানী সাহা (৪৫), আরতি রানী সাহা (৬০) ও বন্দনা রানী সাহা (৩০)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী আনন্দ সাহা বলেন, ‘আউশ ধান কেটে নেওয়ার পর জমিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। জমি হালচাষের উপযোগী হওয়ায় সরিষা রোপণের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ করে আজ সকালে একই গ্রামের কমল চন্দ্র ম-ল ও গুপেশ ম-লের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন ভাড়াটিয়া লোকজন আমাদের জমিতে এসে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে থাকে।’

আরেক ভুক্তভোগী কালিচরন সাহা অভিযোগ করে বলেন, ‘ভাড়াটিয়া বাহিনি দেশিয় অস্ত্র নিয়ে জমিগুলোর চারিদিক ঘিরে নেয়। এসময় ব্যবসায়িক কাজে আমরা বাড়িতে ছিলাম না। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিয়ে সরিষা বুনে দিয়েছে। বাধা দেওয়ায় পরিবারের তিন নারী সদস্যকে পিটিয়ে আহত করা হয়।’

এ বিষয়ে অভিযুক্ত মিলন কুমার ও কমল ম-লের মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পঠিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় আনন্দ সাহা থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।