রাজশাহী অঞ্চলে আগাম সবজি চাষ, উদ্যোক্তা তৈরিতে নতুন সম্ভাবনার হাতছানি
রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এতে করে কৃষক লাভবান হচ্ছেন এবং একইভাবে রাজশাহীর অর্থনীতিতেও এর প্রভাব সৃষ্টি হচ্ছে। এ অঞ্চলের উৎপাদিত আগাম সবজি অন্য জেলাগুলোতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সোনার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, রাজশাহীতে আগাম জাতের শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, লাউ, লালশাক, পুঁইশাক, টমেটো ও পালংশাকের চাষ করা হচ্ছে। কোথাও বা আগাম সবজি খেত থেকে তোলা শুরু হয়েছে এবং বাজারে অধিক হারে মূল্যও পাওয়া যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৫ হাজার ১০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৭৯ হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৩০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে ৪ লাখ ২২ হাজার ৮০০ টন সবজি উৎপাদনের আশা করা হচ্ছে।
বাজারে আগাম সবজির চাহিদা থাকায় দিন দিন চাষের পরিধি বাড়ছে। আগাম জাতের সবজি বেছে নেয়া, আধুনিক চাষ পদ্ধতি যেমন মালচিং ব্যবহার করা, সঠিক সময়ে বীজ রোপণ করা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মালচিং, উঁচু জমি ব্যবহার করার মত শর্তগুলো পূরণ করলে কাক্সিক্ষত সাফল্য পাওয়া যাচ্ছে। অধিকাংশ কৃষকই এ ব্যাপারে সম্যক ধারণা রাখেন। ফলে আগাম শীতকাণীন সবজির উৎপাদনও ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে।
অর্থনৈতিক উন্নয়নে আগাম সবজি চাষ কৃষকের আয় বৃদ্ধি করে এবং স্থানীয় বাজারে সবজির সরবরাহ বাড়িয়ে অর্থনৈতিকভাবে লাভজনক হচ্ছে। এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক পদ্ধতি, কারণ তারা মৌসুমের শুরুতে সবজি বাজারে তুলে ভালো দাম পাচ্ছেন। তরুণ কৃষি উদ্যোক্তারা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন এবং সরকারের প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয় বাড়াতে সহায়ক হয়ে উঠেছে।
আগাম সবজি চাষের সম্ভাবনাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য কাঁচামাল হিসেবে সবজি ব্যবহৃত হওয়ায় এটি জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। একইভাবে তরুণ কৃষি উদ্যোক্তারা আগাম সবজি চাষে এগিয়ে আসছেন, যা কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করছে। উন্নত জাত ও কৃষি প্রযুক্তির ব্যবহার করে কম সময়ে বেশি ও উন্নতমানের সবজি উৎপাদন সম্ভব হচ্ছে, যা অর্থনৈতিকভাবে লাভজনক।
কৃষি বিভাগ এ ক্ষেত্রে কৃষকদের জন্য আরো নতুন নতুন উদ্ভাবনি নিয়ে আসতে পারে। সম্ভাবনাগুলোকে নতুন নতুন স্তরের মধ্য দিয়ে নিয়ে যেতে আধুনিক ধ্যান-ধারণা বা প্রযুক্তির সহজলভ্যতাকে নিশ্চিত করতে হবে। পরিকল্পনায় কৃষক কিংবা উদ্রোক্তারা কীভাবে সম্পৃক্ত হতে পারে- সে সম্ভাবনাগুলোকে এগিয়ে নিতে হবে। কৃষকের চাহিদা ও সুবিধাগুলোকে নিশ্চিত করাও উৎপাদন ব্যবস্থায় গতির সঞ্চার করতে পারে। উদ্যোক্তা পর্যায়ে সমন্বিত উদ্যোগ কীভাবে সম্ভব- সে বিষয়েও ভাবনার সুযোগ আছে।