কাটাখালী থানায় নিজের পিস্তলের গুলিতে আহত এসআই
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)- এর কাটাখালী থানায় নিজের পিস্তলের ফায়ারিং পিন মেরামতের সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টা ৮ মিনিটে এ ঘটনা ঘটে। আহত এসআই ওয়ারেস আলী (৫০) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন ওয়ারেস আলী। তিনি কনস্টেবল হিসেবে যোগ দিয়ে পদোন্নতি পেয়ে বর্তমানে এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ত্র চালনায় অভিজ্ঞ হলেও এদিন পিস্তলের ফায়ারিং পিনে সমস্যা হওয়ায় তিনি নিজেই মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায় এবং তাঁর হাঁটুর ওপরে লাগে। গুলি পায়ের একপাশের মাংস ভেদ করে বেরিয়ে গেছে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন,“ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা ছিল। সেটি মেরামতের সময় দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায়। ভাগ্যক্রমে গুলিটি পায়ের মাংসে লেগে বেরিয়ে গেছে, না হলে বড় ধরনের ক্ষতি হতে পারত। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।” তিনি আরও জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।