প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি :
দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ প্রাপ্তিতে স্নাতক প্রকৌশলীদের অধিকার সুরক্ষা, বৈষম্যমূলক কোটা অপসারণ ও অন্যান্য যৌক্তিক দাবি পূরণের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে আসছেন।
অথচ তাঁদের যৌক্তিক দাবি বাস্তবায়নের কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। সে কারণে দাবী আদায়ের লক্ষ্যে বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। এক পর্যায়ে তাঁরা তাঁদের দাবি পেশ করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাঁদের ওপর টিয়ার শেল, জলকামান, সাউন্ড গ্রেনেড ছোড়ে ও নির্বিচারে লাঠিচার্জ করে।
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এহেন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে এ ঘটনায় ক্ষুব্ধ, মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আমরা মনে করি, প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এমন আক্রমণ অনাকাক্সিক্ষত, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের উপর সংঘটিত এ হামলার ঘটনায় দায়িদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একইসাথে দ্রুততম সময়ে প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুয়েট পরিবার আহ্বান জানাচ্ছে।