শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বগুড়ায় সনদ বানাতে সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, আটক ১

বগুড়া প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
বগুড়ায় সনদ বানাতে সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, আটক ১

বগুড়ায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া জন্মনিবন্ধন এবং সনদ তৈরির অভিযোগে এক মো. সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহরের খান্দার এলাকায় বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ অভিযান চালানো হয়।


আটক সাইফুল ইসলাম। তিনি ‘পাসপোর্ট কর্নার’ নামের প্রতিষ্ঠানের মালিক এবং গত তিন বছর ধরে সেখানে কম্পিউটার ডট পি প্রসেসিংয়ের ব্যবসার আড়ালে এ অপকর্ম চালিয়ে আসছিলেন। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।


জানা গেছে, দীর্ঘদিন ধরে খান্দার এলাকার পাসপোর্ট কর্নারে ভুয়া জন্মনিবন্ধন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সিটি করপোরেশনের প্রত্যয়ন পত্র ও সিভিল সার্জন কার্যালয়ের নানাবিধ সনদ তৈরির কাজ চলছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।


অভিযান চলাকালে দেখা যায়, জেলা সিভিল সার্জন, হিসাবরক্ষণ কর্মকর্তা ও সিটি প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর ও সিল স্ক্যান করে কম্পিউটারে হুবহু বসিয়ে দেওয়া হতো। এমনকি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ব্যবহার করে তৈরি করা হচ্ছিল ভুয়া জন্মনিবন্ধন। কোনো কোনো নথিতে স্বাক্ষর একজনের হলেও সিল দেওয়া হয়েছে অন্য আরেক কর্মকর্তার।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, আমরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্মের কথা শুনলেও সুনির্দিষ্ট প্রমাণ পাচ্ছিলাম না। আজ সরেজমিনে দেখা গেল, সিভিল সার্জন এবং ইন্সপেক্টরসহ বিভিন্ন উপজেলার সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর নিখুঁতভাবে স্ক্যান করে জাল করা হয়েছে। সাধারণ একটা ফাইলে কর্মকর্তাদের নাম-স্বাক্ষর বসিয়ে এসব সনদ প্রিন্ট করা হতো।


তিনি আরও জানান, জালিয়াতির কাজে ব্যবহৃত দোকানটির দুটি কম্পিউটারসহ সব সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দোকানমালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল জালিয়াতির সত্যতা স্বীকার করেছেন এবং কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে আরও দুজনের নাম বলেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।