শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বিজিবির দাবি, আটক ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
আটক ব্যক্তি হলেন ভোলাহাট উপজেলার তিলকীপাড়া গ্রামের জেমের ছেলে মো. মশিউর রহমান।
বিজিবির ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সোনামসজিদ বিওপির একটি টহল দল অভিযান চালায়। টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১৩ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় দুটি মোটরসাইকেল, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মশিউর রহমানকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলের সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।